আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কড়া মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম। তিনি দাবি করেছেন, ইয়াবা আনার উদ্দেশ্যে ওবায়দুল কাদের নিয়মিত কক্সবাজার যেতেন। বুধবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অলি আহমদ বলেন, “ওবায়দুল কাদের প্রতি মাসে এক-দুইবার কক্সবাজার যেতেন বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট আনার জন্য। তখন মানুষ ভাবত তিনি খুব পরিশ্রমী মন্ত্রী, কিন্তু আসলে কেন বারবার কক্সবাজার যেতেন রাজশাহী বা দিনাজপুর নয় কেন?”
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় মাদকের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ছিল। তবে এখন জনপ্রতিনিধিদের মধ্যেই মাদক সংশ্লিষ্টতা বেড়েছে বলে তিনি অভিযোগ করেন।
এলডিপি সভাপতি দাবি করেন, মাদক ব্যবসার মাধ্যমে দ্রুত বিপুল অর্থ উপার্জনের প্রবণতা বেড়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি সংসদ সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও মন্তব্য করেন এবং বলেন, সংসদে ব্যবসায়ী ও অশিক্ষিতদের উপস্থিতি বাড়ায় আইন প্রণয়ন প্রক্রিয়া দুর্বল হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।